বেলদা-হাওড়া লোকাল চালুর দাবি জোরালো, ডিআরএমকে স্মারকলিপি যাত্রী সংগঠনের!

নিজস্ব সংবাদদাতা : বেলদা থেকে হাওড়া পর্যন্ত লোকাল ট্রেন চালু, গুরুত্বপূর্ণ দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বৃদ্ধি, যাত্রী পরিষেবার মানোন্নয়ন, ওভারব্রিজ ও সাবওয়ে নির্মাণের দাবিতে সরব হল বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। বুধবার বেলদা রেলস্টেশনে খড়গপুর ডিভিশনের ডিআরএম ললিত মোহন পাণ্ডের উপস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে রেলের জেনারেল ম্যানেজারকে উদ্দেশ করে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এদিন স্টেশন পরিদর্শনে আসেন ডিআরএম। সেই সুযোগেই দীর্ঘদিনের একাধিক দাবি তাঁর সামনে তুলে ধরেন সমিতির সদস্যরা।সংগঠনের দাবি, বেলদা গুরুত্বপূর্ণ রেলস্টেশন হওয়া সত্ত্বেও প্রতিদিন বহু যাত্রীকে নানাবিধ সমস্যার মুখে পড়তে হয়। বিশেষত কর্মসূত্রে ও চিকিৎসার প্রয়োজনে হাওড়ামুখী যাত্রীদের জন্য বেলদা-হাওড়া লোকাল ট্রেন চালু করা অত্যন্ত জরুরি বলে দাবি তাঁদের।পাশাপাশি, এলাকার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের বেলদা স্টেশনে স্টপেজ দেওয়ার দাবিও জানানো হয়েছে। যাত্রীদের নিরাপদে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য দ্রুত ওভারব্রিজ ও সাবওয়ে নির্মাণের বিষয়টিও স্মারকলিপিতে গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়।