বিশ্বকাপের জ্বরে কাঁপছে পশ্চিম মেদিনীপুরের বেলদা, স্টেশন চত্বরে শতাধিক দর্শকের সঙ্গে মেসি উৎসব!
তুহিন কান্তি দাস : বিশ্বকাপ ফুটবল মানেই বাঙালির আবেগ, উন্মাদনা আর অন্তহীন ফুটবলচর্চা। পাড়ার চায়ের দোকান থেকে ক্লাবের আড্ডা— সর্বত্রই চলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তর্ক-বিতর্ক, বিশ্লেষণ আর প্রিয় দলের জয় কামনা। সেই ফুটবলপ্রেমেরই এক অনন্য ছবি ধরা পড়ল রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা রেলওয়ে স্টেশন চত্বরে।ঘড়িতে তখন সকাল সাড়ে সাতটা। ছুটির দিনের অলস সকালকে উপেক্ষা করে শতাধিক ফুটবলপ্রেমী ভিড় জমিয়েছিলেন স্টেশন চত্বরে। বিশাল এলইডি স্ক্রিনে আর্জেন্টিনা বনাম জর্ডনের বিশ্বকাপ ম্যাচ উপভোগ করতে সকাল থেকেই দর্শকদের মধ্যে ছিল চরম উৎসাহ ও উত্তেজনা। স্টেশন চত্বর যেন মুহূর্তের জন্য রূপ নিয়েছিল এক খোলা আকাশের ফুটবল স্টেডিয়ামে।
খেলার শুরু থেকেই আর্জেন্টিনা সমর্থকদের চোখ ছিল নীল-সাদা জার্সিধারীদের প্রতিটি আক্রমণের দিকে। অপেক্ষার অবসান ঘটে দ্বিতীয়ার্ধের প্রায় ৮০ মিনিটে। ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে গোটা বেলদা স্টেশন চত্বর। করতালি, শিস, উচ্ছ্বাস আর ‘মেসি, মেসি’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নিজের স্বভাবসিদ্ধ ছন্দে খেলেন মেসি। তাঁর দুর্দান্ত গোল যেন আবারও প্রমাণ করে দিল কেন তাঁকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। প্রিয় দলের জয় এবং মেসির গোল উদ্যাপনে সমর্থকদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
বিশ্বকাপকে ঘিরে বেলদা স্টেশন চত্বরে এমন জনসমাগম ও ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আরও একবার প্রমাণ করে দিল— বাঙালির কাছে ফুটবল শুধুই একটি খেলা নয়, এটি এক অমলিন আবেগ, এক উৎসব।