‘বিকশিত মেদিনীপুর’ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের মতামত নিয়ে সংকল্প পত্র তৈরির উদ্যোগ নিল বিজেপি!

সেখ ওয়ারেশ আলী :  মেদিনীপুর বিধানসভার সার্বিক উন্নয়ন ও ‘বিকশিত মেদিনীপুর’ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের মতামত নিয়ে সংকল্প পত্র তৈরির উদ্যোগ নিল বিজেপি। মেদিনীপুরের জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘মতামত বক্স’ কর্মসূচি।এই কর্মসূচির মাধ্যমে জেলার প্রতিটি অঞ্চল ও মেদিনীপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিশেষ ড্রপ বক্স নিয়ে যাওয়া হবে।

সেখানে সাধারণ মানুষ লিখিতভাবে জানাতে পারবেন তাঁদের এলাকার উন্নয়ন সংক্রান্ত দাবি, সমস্যা ও প্রত্যাশার কথা—কোন কাজ আগে হওয়া দরকার, কী পরিবর্তন চান তাঁরা।সংগৃহীত মতামতের ভিত্তিতেই তৈরি হবে মেদিনীপুর বিধানসভার বিজেপির সংকল্প পত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য ও জেলা নেতৃত্ব। জেলা সহ-সভাপতি ডঃ শংকর গুছাইত বলেন, “এই সংকল্প পত্র বিজেপি নয়, সাধারণ মানুষই তৈরি করবেন।

প্রতিটি নাগরিকের মতামতকে গুরুত্ব দিয়েই ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করা হবে।”দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের সমস্যা, প্রস্তাব ও প্রত্যাশাকেই সামনে রেখে আগামী দিনের কর্মসূচি সাজানো হবে। মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়েই মেদিনীপুরের উন্নয়নের পথচলা শুরু করতে চায় বিজেপি।