চন্দ্রকোনায় তেলের সংকট, সীমিত জ্বালানিতে সমস্যায় গ্রাহকেরা!
সুমন মণ্ডল : পেট্রোল ও ডিজেলের সরবরাহ ঘাটতির জেরে চরম সমস্যায় পড়েছেন সাধারণ গ্রাহকেরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-র একাধিক পেট্রোল পাম্পে এখন মোটরবাইকে দু’লিটারের বেশি এবং চারচাকা গাড়িতে এক হাজার টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। কয়েক দিন আগেও এমন কোনও বিধিনিষেধ ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।জ্বালানি সাশ্রয় নিয়ে নরেন্দ্র মোদি-র বার্তার পর থেকেই তেল বিক্রিতে কিছুটা নিয়ন্ত্রণ আনা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত পেট্রোল পাম্প মালিকদের কাছে এ বিষয়ে কোনও লিখিত নির্দেশিকা পৌঁছায়নি।
মৌখিকভাবে জানানো হয়েছে, আপাতত গ্রাহকদের ফুল ট্যাঙ্ক করে তেল না দিতে। তবে ডিজেলের ক্ষেত্রে এখনও তেমন কোনও বড় সমস্যা দেখা যায়নি বলে দাবি পাম্প কর্তৃপক্ষের।চন্দ্রকোনার ধরমপুর এলাকার একটি পেট্রোল পাম্পে তেল নিতে এসে সমস্যায় পড়েন বহু গ্রাহক। গ্রাহক চঞ্চল কুমার আস জানান, “সারা বিশ্বজুড়েই তেলের সংকট চলছে। আমি ৫০০ টাকার তেল নিতে এসেছিলাম, কিন্তু ২০০ টাকার বেশি তেল পেলাম না। এতে আমাদের ভোগান্তি বাড়ছে। বারবার পাম্পে এসে তেল ভরতে হচ্ছে, ফলে সময় ও খরচ দুটোই বাড়ছে।”পেট্রোল পাম্প মালিকের ছেলে শঙ্খদীপ সামন্ত জানান, চলতি মাসে ডিপো থেকে প্রায় ৩০ শতাংশ কম তেল সরবরাহ করার কথা জানানো হয়েছে। সেই কারণেই সীমিত পরিমাণে তেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, মোটরবাইকে দু’লিটার এবং গাড়িতে এক হাজার টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না।