চন্দ্রকোনা রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩ ট্রাক্টর; লক্ষাধিক টাকার ক্ষতি!

সেখ ওয়ারেশ আলী : চন্দ্রকোনা রোডের নয়াবসতের ডুমুরগেড়িয়া এলাকায় বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বন্ধ বাড়ি থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রবল গরম ও দমকা হাওয়ার জেরে মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে।আগুন লাগতেই এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা কুয়ো, টিউবওয়েল ও পুকুরের জল, পাশাপাশি বালি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর দেওয়া হয় গড়বেতা থানায় এবং দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।ঘিঞ্জি এলাকা ও সরু রাস্তার কারণে দমকলকর্মীদের কাজে কিছুটা অসুবিধা হলেও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। যদিও ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর না মিললেও একটি ট্রাক্টর গ্যারেজে থাকা তিনটি ট্রাক্টর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত প্রতিনিধিরাও এলাকায় পৌঁছান।