জাতীয় পোলিও দিবসে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে টিকাকরণ কর্মসূচির সূচনা, শিশুকে পোলিও টিকা খাওয়ালেন বিধায়ক সুকান্ত দোলুই!

সুমন মন্ডল : জাতীয় পোলিও দিবস উপলক্ষে রবিবার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে বিশেষ পোলিও টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই। তিনি এক শিশুকে নিজ হাতে পোলিওর জীবনরক্ষাকারী দুই ফোঁটা টিকা খাইয়ে কর্মসূচির শুভ সূচনা করেন।এদিন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পাঁচ বছরের কম বয়সি শিশুদের পোলিও টিকা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের আধিকারিক হিমাংশু মাইতি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক আধিকারিকরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুকান্ত দোলুই বলেন, পোলিওমুক্ত সমাজ গড়ে তুলতে প্রতিটি শিশুকে নির্ধারিত সময়ে পোলিও টিকা খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের স্বাস্থ্য দপ্তরের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানান।স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পোলিও প্রতিরোধে প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই হাসপাতালের পাশাপাশি বিভিন্ন বুথ ও এলাকায় টিকাকরণ অভিযান চালানো হচ্ছে।