একটু বৃষ্টিতেই কাদা সমুদ্র! রাস্তার বেহাল দশায় নাজেহাল গ্রামবাসী, ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্সও!
সুমন মণ্ডল : পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের বড়মুয়দা এলাকায় প্রধান যোগাযোগের রাস্তার বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় ঢেকে গিয়ে প্রায় সম্পূর্ণ অচল হয়ে পড়ছে, ফলে নিত্যদিনের যাতায়াত কার্যত অসম্ভব হয়ে উঠছে।এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার এই সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। প্রতিদিনের কাজকর্ম, বাজার, স্কুল-কলেজ যাওয়া থেকে শুরু করে জরুরি পরিস্থিতিতেও বিপাকে পড়তে হচ্ছে গ্রামবাসীদের।সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে অসুস্থ রোগীদের ক্ষেত্রে। স্থানীয়দের দাবি, রাস্তার এমন বেহাল দশার কারণে গ্রামের ভিতরে অ্যাম্বুলেন্স ঢুকতেই পারে না। ফলে মুমূর্ষ রোগীদের খাটিয়ায় করে কাদামাটি রাস্তা পেরিয়ে দূরের রাজ্য সড়ক পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে, সেখানেই কোনওভাবে গাড়িতে তোলা হচ্ছে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি রোগীর অবস্থাও আরও সংকটজনক হয়ে উঠছে।শুধু তাই নয়, স্কুল পড়ুয়াদের প্রতিদিনের যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিবারগুলির অভিযোগ, কাদামাখা রাস্তায় প্রায়ই পিছলে পড়ে ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে পড়ুয়ারা।দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তা সংস্কারের দাবিতে বড়মুয়দা এলাকার বাসিন্দাদের ক্ষোভ ক্রমশ বাড়ছে। স্থানীয়দের একটাই দাবি—অবিলম্বে রাস্তা মেরামত করে স্বাভাবিক যাতায়াতের ব্যবস্থা করা হোক, না হলে ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা রয়েছে।