চন্দ্রকোনা রোডে শ্রীরামকৃষ্ণ সোসাইটির ২২তম বর্ষের মহৎ উদ্যোগে “রক্তদানেই মানবতার জয়”!

অভিজিৎ সাহা : রক্তদান জীবন দান — মানবিকতার এই মহান বার্তাকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড স্টেশন সংলগ্ন এলাকায় চন্দ্রকোনা রোড শ্রীরামকৃষ্ণ সোসাইটির উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজসেবামূলক এই উদ্যোগ এ বছর পা দিল বাইশতম বর্ষে, যা দীর্ঘদিনের মানবকল্যাণমূলক কাজের ধারাবাহিকতাকে আরও একবার সামনে তুলে ধরেছে।

শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের বিশেষজ্ঞ টিম। তাঁদের তত্ত্বাবধানে রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা, রক্ত সংগ্রহ ও প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা করা হয়। সকাল থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্তমণ্ডলী সহ এলাকার সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন, যা মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে।উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, মোট ৭৫ জন রক্তদান করার ইচ্ছা প্রকাশ করলেও স্বাস্থ্য পরীক্ষার পর ৫৬ জন সফলভাবে রক্তদান করতে সক্ষম হন। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও শুভেচ্ছা উপহার, পাশাপাশি তাঁদের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।সোসাইটির সদস্যরা জানান, রক্তের অভাবে যাতে কোনো রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই প্রতি বছর এই শিবিরের আয়োজন করা হয়। ভবিষ্যতেও আরও বড় পরিসরে সমাজসেবামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান উদ্যোক্তারা।