উচ্চ মাধ্যমিকে রাজ্যে পঞ্চম চন্দ্রকোনার ত্রিদেব, মুদি দোকানদারের ছেলের সাফল্যে গর্বিত এলাকা!

সুমন মন্ডল : চন্দ্রকোনার গর্ব ত্রিদেব চক্রবর্তী। পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের পঞ্চম স্থান অধিকার করে নজর কেড়েছে সে। সাধারণ পরিবারের ছেলে ত্রিদেবের এই অসাধারণ সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে গোটা এলাকাজুড়ে। তাঁর বাবা পেশায় একজন মুদি দোকানদার এবং মা গৃহবধূ।

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছেছে উচ্চ মাধ্যমিকে পঞ্চম ত্রিদেব চক্রবর্তীর কাছেও। চন্দ্রকোণার ধামকুড়িয়া গ্রামে বাড়ি ত্রিদেবের। যদিও ১৫ বছর আগে গ্রাম ছেড়ে চন্দ্রকোণা পুরসভার ঠাকুরবাড়ি বাজার এলাকায় থাকে তারা। বৃহস্পতিবার ত্রিদেবের বাড়িতে গিয়ে তাঁর হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেন চন্দ্রকোণা-২ ব্লকের বিডিও উৎপল পাইক।  ত্রিদেবের এই কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছে Swami Vivekananda Seva Sangha। সংঘের সভাপতি তথা আইনজীবী Samir Kumar Ghosh ত্রিদেব চক্রবর্তীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্য নিয়েই এগোতে চায় ত্রিদেব। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আগামী দিনে আরও বড় সাফল্য অর্জনের স্বপ্ন দেখছে এই কৃতি ছাত্র।