রাস্তায় বসে পড়ুয়ারা, ৩ ঘণ্টা অচল ক্লাস! মেদিনীপুর কলেজিয়েট প্রাইমারি স্কুলে চরম বিশৃঙ্খলার অভিযোগ!

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার ৪ঠা জুন প্রায় তিন ঘণ্টা ধরে মেদিনীপুর কলেজিয়েট প্রাইমারি স্কুলের পড়ুয়াদের রাস্তায় বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। অভিযোগ, এই সময় স্কুলের প্রধান শিক্ষিকা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থেকে সমস্যার সমাধানে কোনও উদ্যোগ নেননি এবং অসহযোগিতামূলক মনোভাব দেখিয়েছেন। এমনকি তিনি নিজেকে প্রতিষ্ঠানের ‘মালিক’ বলেও দাবি করেছেন বলে অভিযোগকারীদের বক্তব্য।এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক ও স্থানীয় মহলে। অনেকের মতে, এ যেন শিক্ষাব্যবস্থার দুরবস্থারই প্রতিচ্ছবি— যেখানে পড়ুয়াদেরই শেষ পর্যন্ত রাস্তায় বসতে হচ্ছে।উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই একই ভবনে সকালে প্রাথমিক বিদ্যালয় এবং দুপুরে উচ্চ বিদ্যালয়ের পাঠদান চলে আসছে। অতীতে এই কারণেই বহু বছর সকাল বিভাগের ক্লাস চালু করা যায়নি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এই পরিকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধান না হওয়ার ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি মেদিনীপুর শহরের আরও কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রসংখ্যা অত্যন্ত কম থাকলেও এই স্কুলে পরিকাঠামোগত চাপ ক্রমেই বাড়ছে বলে অভিযোগ উঠেছে।