জেলা কংগ্রেসের মাইনরিটি মুসলিম প্রতিনিধিত্ব নিয়ে সোহেল রোজার হুঁশিয়ারি!
সেখ ওয়ারেশ আলী : বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি কংগ্রেস। তবে দলীয় সূত্রে খবর, ২৯শে মার্চ রবিবারই সেই তালিকা প্রকাশ হতে পারে। তার আগেই পশ্চিম মেদিনীপুর জেলায় কংগ্রেসের অন্দরেই মতভেদ প্রকাশ্যে চলে এল, যা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে।জেলা কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান তথা প্রাক্তন রাজ্য সম্পাদক মোঃ সোহেল রোজা জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সরাসরি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের মতো কংগ্রেসও মুসলিম ভোটব্যাঙ্ককে শুধু ভোটের সময় ব্যবহার করছে, কিন্তু প্রকৃত প্রতিনিধিত্ব দিচ্ছে না।
সোহেল রোজার স্পষ্ট দাবি, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তত ৬টি বিধানসভা আসনে মুসলিম সমাজের প্রতিনিধিকে প্রার্থী করতে হবে। তাঁর কথায়, “মুসলিম সমাজ এখন কংগ্রেসকেই তৃণমূলের বিকল্প হিসেবে দেখছে। তাই তাদের প্রতিনিধি বিধানসভায় গেলে সমাজের সমস্যা ও উন্নয়নের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।”তিনি আরও কড়া বার্তা দিয়ে জানান, যদি কংগ্রেস কোনও মুসলিম প্রার্থী না দেয়, তাহলে জেলার মুসলিম ভোটাররা “অন্য ভাবনা” ভাবতে বাধ্য হবেন—যা নির্বাচনের আগে দলের জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।অন্যদিকে, এই পরিস্থিতিকে কাজে লাগাতে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি। দলের প্রার্থী ডাক্তার শঙ্কর গুছাইত মুসলিম সমাজের মানুষের প্রতি সরাসরি আবেদন জানিয়েছেন। তিনি নরেন্দ্র মোদী-র “সবকা সাথ, সবকা বিকাশ” নীতির কথা তুলে ধরে পরিবর্তনের পথে হাঁটার আহ্বান জানান।শঙ্কর গুছাইতের দাবি, দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মতো বাংলাতেও মুসলিম সমাজের উন্নয়ন সম্ভব, যদি মানুষ সঠিক সিদ্ধান্ত নেয়।সব মিলিয়ে, প্রার্থী তালিকা প্রকাশের আগেই কংগ্রেসের অন্দরে এই মতভেদ সামনে আসায় পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক সমীকরণ যে আরও জটিল হয়ে উঠছে, তা বলাই যায়।