মেদিনীপুরে চাঞ্চল্য—জঙ্গলে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ, ঋণের চাপ ঘিরে জল্পনা!
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর–এর উপকণ্ঠে গুড়গুড়িপাল থানা–র অধীন গোপগড় এলাকায় জঙ্গল থেকে উদ্ধার হয়েছে স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গোপগড় ইকো পার্ক সংলগ্ন জঙ্গলে দম্পতির দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল–এ। সেখানেই চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।মৃতদের নাম পিন্টু দাস (৩৮) এবং মধুমিতা দাস (৩২)। তাঁদের বাড়ি মেদিনীপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের পানপাড়া এলাকায়। দম্পতির দুই নাবালক সন্তান রয়েছে।পিন্টু পেশায় মেডিক্যাল সেলসম্যান ছিলেন। পিন্টুর আত্মীয় কৃষ্ণ দাস জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কোনও পারিবারিক অশান্তি ছিল না। তবে স্থানীয় মহলের দাবি, দম্পতির উপর বিপুল ঋণের চাপ ছিল এবং পাওনাদারদের লাগাতার চাপ ও অপমানের জেরেই তাঁরা এই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। যদিও প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।