মেদিনীপুরে লাল ঝান্ডার জোয়ার! তৃণমূল-বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বামফ্রন্টের শক্তিপ্রদর্শন!
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহর ১৯শে এপ্রিল রবিবার বিকেলে দেখল লাল ঝান্ডার ঢেউ। যখন তৃণমূল কংগ্রেস ও বিজেপি দাবি করেছিল বাংলার মাটিতে আর লাল পতাকা থাকবে না, তখন সেই দাবির জবাব যেন রাস্তায় নামিয়ে দিল বামফ্রন্ট। এদিন শহর জুড়ে বামফ্রন্টের সুসজ্জিত, বর্ণাঢ্য ও বিশাল মিছিল নজর কাড়ে সাধারণ মানুষের।মিছিল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরইকে জয়ী করতে হবে। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সরব হয়ে ‘বাংলা বাঁচানোর লড়াই’-এর ডাক তোলা হয়। হাজার হাজার মানুষের উপস্থিতি ও উচ্ছ্বাসে স্পষ্ট, নির্বাচনের আবহে বাম শিবিরের শক্তি ক্রমশ বাড়ছে।সিপিআই-এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিপ্লব ভট্ট জানান, বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে মানুষের অভূতপূর্ব সাড়া মিলছে এবং জনসমর্থন ধীরে ধীরে বামফ্রন্ট প্রার্থীদের দিকেই ঝুঁকছে।
তাঁর দাবি, এই নির্বাচনে বামফ্রন্ট আগের থেকে অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী।নেতৃত্বের বক্তব্য, ধর্মের ভিত্তিতে বিভাজনের বিরুদ্ধে এবং দুর্নীতি-লুটপাটের প্রতিবাদে লাল ঝান্ডাই একমাত্র বিকল্প শক্তি হিসেবে উঠে এসেছে। তাই বাংলাকে রক্ষা করতে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয়।ধামসা, মাদল ও ব্যান্ডের তালে তালে মিছিলটি বিদ্যাসাগর হল থেকে শুরু হয়ে গান্ধীমূর্তি, কালেকটরেট, কেরানীতোলা ঘুরে গোটা শহর পরিক্রমা করে। বিভিন্ন প্রান্ত থেকে যুবকদের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এমনকি কাজের খোঁজে ভিনরাজ্যে থাকা বহু যুবকও ভোটে অংশ নিতে ফিরে আসছেন বলে দাবি করা হয়েছে, যা রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করছে।এদিনের এই বিশাল মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী মণিকুন্তল খামরই-সহ সিপিআইএমের জেলা সম্পাদক বিজয় পাল, সূকুমার আচার্য, কুন্দন গোপ, সিপিআই নেতা বিমল ভট্টাচার্য, পীযুষ মহন্ত, বাবলু বিশ্বাস, পূর্ণেন্দু জানা এবং আরএসপি-র জয়ন্ত পাত্র সহ বামফ্রন্টের একাধিক শীর্ষ নেতৃত্ব।