গ্রীষ্মকালীন রক্তসংকট মোকাবিলায় সিপিআইএমের রক্তদান শিবির, সংগ্রহ ২২২ ইউনিট রক্ত!
নিজস্ব সংবাদদাতা : প্রচণ্ড গ্রীষ্ম ও রক্তের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে রক্তসংকট মোকাবিলায় উদ্যোগী হল সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। শনিবার, ৬ জুন মেদিনীপুর শহরের মীরবাজারে জেলা কেন্দ্র কৃষক ভবনে আয়োজিত হল এক বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির।অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু ও মেদিনীপুরের কৃতী সন্তান আফরিন জাবি।
এদিনের শিবিরে মোট ২২২ জন রক্তদান করেন, যার মধ্যে ৩২ জন ছিলেন মহিলা রক্তদাতা।অনুষ্ঠানে ইংলিশ চ্যানেল ও পক প্রণালী সাঁতরে বিশ্বরেকর্ড গড়া আফরিন জাবিকে সংবর্ধনা জানানো হয়। তাঁর সাফল্যে গর্বিত জেলার মানুষ তাঁকে উষ্ণ অভিনন্দন জানান।রক্তদান শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহজনক। গ্রীষ্মকালীন রক্তসংকট দূর করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকদের আশা।