হনুমান চল্লিশা মন্তব্য ঘিরে উত্তেজনা, মেদিনীপুরে সিপিআই ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা!
সেখ ওয়ারেশ আলী : ২৮শে সেপ্টেম্বর সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরের সামনে সিপিআই-এর ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মেদিনীপুর শহরের কালেক্টর মোড় এলাকায়। একাধিক দাবি নিয়ে সিপিআই-এর বিক্ষোভ চলাকালীন হনুমান চল্লিশা সম্পর্কে দলের রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জির বক্তব্যকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। পরে সিপিআই কর্মী-সমর্থকদের সঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের মধ্যে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।
সোমবার দুপুরে সিপিআই-এর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। সেই কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি। তাঁর বক্তব্যের একটি অংশে হনুমান চল্লিশা নিয়ে মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে।এই মন্তব্যের প্রতিবাদে সরব হন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। তাঁদের দাবি, স্বপন ব্যানার্জিকে ওই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও গ্রেফতারের দাবিও তোলা হয়।এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে শুরু হয় বাগ্বিতণ্ডা।
মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুই পক্ষের সদস্যদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশকর্মীরা।ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ ধরে কালেক্টর মোড় এলাকায় উত্তেজনা বজায় ছিল।
হনুমান চল্লিশা নিয়ে সিপিআই-এর রাজ্য সম্পাদকের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের মধ্যে চর্চা শুরু হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক।