ধানক্ষেতে ‘বিমানসদৃশ’ বিশাল ড্রোন! দাঁতনে রহস্য ঘনীভূত, তদন্তে পুলিশ!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ভোরবেলা এক অদ্ভুত ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা বকুলতলার কাজুচক এলাকায় ধানজমির মধ্যে হঠাৎই দেখা যায় একটি বিশালাকার ড্রোন, যা দেখতে অনেকটাই ছোট বিমানের মতো। ভোর প্রায় ৪টা নাগাদ এই ঘটনাটি নজরে আসতেই আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। ড্রোনটিকে ঘিরে এলাকা সুরক্ষিত করে তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের কথায়, এত বড় মাপের ড্রোন তারা আগে কখনও দেখেননি। ফলে সেটি কোথা থেকে এল, কী উদ্দেশ্যে উড়ছিল এবং কীভাবে ধানক্ষেতে এসে পড়ল—এই সব প্রশ্ন ঘিরেই বাড়ছে রহস্য।ঘটনার পর থেকেই কৌতূহলী মানুষের ঢল নেমেছে ঘটনাস্থলে। কেউ বলছেন এটি নজরদারি চালানোর জন্য ব্যবহৃত ড্রোন হতে পারে, আবার কারও মতে কোনও সংস্থার পরীক্ষামূলক উড়ান চলাকালীন প্রযুক্তিগত গোলযোগের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। পুলিশ সূত্রে খবর, ড্রোনটির প্রযুক্তিগত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং এর উৎস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। রহস্যে ঘেরা এই ঘটনাকে ঘিরে দাঁতন জুড়ে এখন তুমুল আলোচনা।