সুজয় হাজরার ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেপ্তার, জোর জল্পনা দাঁতনে!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গ্রেপ্তার হলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মণি মিশ্র। বুধবার দাঁতন থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নির্দিষ্ট মামলার তদন্তের সূত্র ধরেই মণি মিশ্রকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। তদন্তের স্বার্থেই বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।পুলিশের তরফে জানানো হয়েছে, আইন মেনেই পরবর্তী প্রক্রিয়া এগোবে। তদন্তে নতুন কোনও তথ্য সামনে এলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের স্থানীয় বা জেলা নেতৃত্বের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক মহলের একাংশের দাবি, মণি মিশ্র জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরার ঘনিষ্ঠ বলেই পরিচিত। ফলে তাঁর গ্রেপ্তারিকে ঘিরে জেলার রাজনৈতিক অন্দরে জোর আলোচনা শুরু হয়েছে।