ডেবরা কলেজে ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ফলস সিলিং, মাথায় আঘাত ছাত্রী!
নিজস্ব সংবাদদাতা : ক্লাস চলাকালীন আচমকাই ভেঙে পড়ল ফলস সিলিংয়ের একাংশ। ঘটনায় মাথায় আঘাত পেলেন এক স্নাতকোত্তর ছাত্রী। চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় অবস্থিত শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয়ে। বৃহস্পতিবার কলেজের চারতলা ভবনের একটি কক্ষে সংস্কৃতের ক্লাস চলার সময় এই ঘটনা ঘটে।জানা গিয়েছে, তৃতীয় সেমিস্টারের সংস্কৃতের ক্লাস চলাকালীন হঠাৎই ঘরের ফলস সিলিংয়ের কয়েকটি বোর্ড ভেঙে পড়ে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রী প্রিয়স্মিতা সামন্ত। ভেঙে পড়া অংশের আঘাতে তাঁর মাথায় চোট লাগে।
ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্লাসরুমে।সহপাঠী ও কলেজের কর্মীরা দ্রুত আহত ছাত্রীকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।ঘটনার পর কলেজ ভবনের নিরাপত্তা এবং ফলস সিলিং নির্মাণের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্র সংগঠন এবিভিপি কলেজ কর্তৃপক্ষ ও নির্মাণকাজের সঙ্গে যুক্ত ঠিকাদারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।
এবিভিপির ডেবরা শহর সভাপতি সুমন সামন্ত বলেন, বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায়ভার কে নিত, সেই প্রশ্ন থেকেই যায়। নির্মাণকাজের মান এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন বলেও দাবি করেন তিনি।অন্যদিকে, কলেজের অধ্যক্ষ রূপা দাসগুপ্তা জানান, স্বায়ত্তশাসিত কলেজে রাজনীতির কোনও স্থান নেই। ঘটনার পর বিষয়টি নিয়ে গণপূর্ত বিভাগের (PWD) নির্বাহী প্রকৌশলীর সঙ্গে পরামর্শ করা হয়েছে বলেও জানান তিনি।ফলস সিলিং ভেঙে পড়ার ঘটনায় কলেজ ভবনের রক্ষণাবেক্ষণ ও নির্মাণকাজের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানিয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য ভবনের নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখার দাবি উঠেছে।