ডেবরার দলপতিপুরে প্রস্তাবিত মিমুল কারখানার জমি পরিদর্শন, উপস্থিত মন্ত্রী দিলীপ ঘোষ!
নিজস্ব সংবাদদাতা, ডেবরা: শিল্পায়নের লক্ষ্যে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের দলপতিপুর এলাকায় প্রস্তাবিত মিমুল কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন খড়্গপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, ডেবরার বিধায়ক শুভাশিস ওম, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক-সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
পাশাপাশি বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব এবং দলীয় কর্মীরাও উপস্থিত ছিলেন।পরিদর্শন চলাকালীন কারখানা স্থাপনের উপযোগিতা, জমির পরিকাঠামোগত সুবিধা, যোগাযোগ ব্যবস্থা এবং সম্ভাব্য কর্মসংস্থানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনিক কর্তাদের সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন এবং শিল্প বিনিয়োগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন মন্ত্রী।স্থানীয় সূত্রে খবর, প্রস্তাবিত এই শিল্প প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং ডেবরা অঞ্চলের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।