মেদিনীপুরের সরকারি সভায় মন্ত্রীর মন্তব্যে হাসির রোল, বিধায়ক দীনেন রায়কে খোঁচা দিলেন দিলীপ ঘোষ!
সেখ ওয়ারেশ আলী : মঙ্গলবার (২৮ জুলাই) মেদিনীপুরের প্রদ্যুৎ স্মৃতি সদনে আয়োজিত ‘বিকশিত ভারত জি রাম জি’ পঞ্চ সম্মেলন-এ বক্তব্য রাখতে গিয়ে বন্যা পরিস্থিতি প্রসঙ্গে মন্তব্য করেন রাজ্যের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। সেই সময় তাঁর একটি রসিকতাপূর্ণ মন্তব্যকে কেন্দ্র করে সভায় উপস্থিত অতিথি, আধিকারিক ও জনপ্রতিনিধিদের মধ্যে হাসির রোল পড়ে যায়। সভায় বক্তব্য চলাকালীন বন্যা পরিস্থিতির প্রসঙ্গ উত্থাপন করে মন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেসের খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় জানিয়েছেন, এ বছর বন্যা হবে না। সেই প্রসঙ্গ টেনে মন্ত্রী রসিকতার সুরে বলেন, "দীনেন রায় বলছেন, এবারে বন্যা হবে না। হয়তো বন্যা হবে না। যেমন ভোটের আগে উনি বলেছিলেন, তৃণমূল ক্ষমতায় আসবে না, তাই আসেনি।"
মন্ত্রীর এই মন্তব্যের পর সভায় উপস্থিত আধিকারিক, পঞ্চায়েত প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং অন্যান্য অতিথিদের মধ্যে হাসির পরিবেশ তৈরি হয়। কিছু সময়ের জন্য আনুষ্ঠানিক সভার গম্ভীর আবহ হালকা হয়ে ওঠে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক আধিকারিক, বিভিন্ন পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্তরের সরকারি কর্মীরা। সভার মূল উদ্দেশ্য ছিল ‘বিকশিত ভারত জি রাম জি’ প্রকল্পের বাস্তবায়ন, গ্রামীণ উন্নয়নের বিভিন্ন কর্মসূচি এবং পঞ্চায়েত স্তরের প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা।মন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। যদিও বক্তব্যটি রসিকতার সুরে করা হয়েছিল, তবুও তা সভায় উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে এবং রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।