'ভিবি-জিরামজি' প্রকল্প বাস্তবায়নে জেলা সম্মেলন, পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে কড়া বার্তা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ!

নিজস্ব সংবাদদাতা : নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প 'বিকশিত ভারত-জি রাম জি' (ভিবি-জিরামজি)-র কার্যকর বাস্তবায়ন এবং পঞ্চায়েত স্তরে উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৮ জুলাই) পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর প্রদ্যোৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ জেলা-স্তরের সম্মেলন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে প্রকল্পের রূপরেখা, বাস্তবায়ন পদ্ধতি এবং জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসক গোবিন্দ হালদার,বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত, বিধায়ক তপন দত্ত, বিধায়ক শীতল কপাট, বিধায়ক রমাপ্রসাদ গিরি, বিধায়ক প্রদীপ লোধা, বিধায়ক শুভাশিস ওম, বিধায়ক শিউলি সাহা, বিধায়ক দীনেন রায় এবং জেলা পরিষদের সভাধিপতি নির্মল ঘোষ-সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধি।বৈঠকের পাশাপাশি পঞ্চায়েত স্তরে দুর্নীতি, অনিয়ম এবং উন্নয়নমূলক কাজের গাফিলতি নিয়েও সরব হন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, বিভিন্ন এলাকায় ইঞ্জিনিয়ার ও পঞ্চায়েত সচিবদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে একাধিক পুরনো টেন্ডার ও প্রকল্পের কাজ আপাতত স্থগিত রেখে পর্যালোচনা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, "অনেক ক্ষেত্রে টেন্ডার ছাড়াই নিয়মবহির্ভূতভাবে কাজ হয়েছে। কোথাও অর্থের অপব্যবহারের অভিযোগ রয়েছে। আবার এমনও অভিযোগ এসেছে যে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হলেও বাস্তবে রাস্তা নির্মাণই হয়নি। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।"তিনি আরও জানান, পঞ্চায়েত স্তরে অডিট প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যেই একাধিক ইঞ্জিনিয়রকে অন্যত্র বদলি করা হয়েছে। দুর্নীতির সঙ্গে যুক্ত কারও বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

দিলীপ ঘোষের দাবি, বিজেপি সরকার দায়িত্ব গ্রহণের পর গ্রামীণ উন্নয়নের একাধিক নতুন প্রকল্প চালু হয়েছে এবং আগের তুলনায় বরাদ্দও বৃদ্ধি পেয়েছে। নির্বাচনের আগে ও পরে হওয়া উন্নয়নমূলক কাজগুলির সমীক্ষা করা হচ্ছে। তিনি জানান, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বাদ পড়া বহু উপভোক্তার নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ভিবি-জিরামজি প্রকল্প ও পঞ্চায়েত পরিচালনার একাধিক নিয়মে পরিবর্তন আনা হয়েছে।মন্ত্রী বলেন, "জেলায় জেলায় নিয়মিত রিভিউ মিটিংয়ের মাধ্যমে উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে স্বচ্ছভাবে পৌঁছায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।"