কেশপুরে নির্বাচনী নিরাপত্তায় কড়া বার্তা, জেলাশাসক-এসপি-র উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ!
নিজস্ব সংবাদদাতা : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে কেশপুরের ২৩৫ কেশপুর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার, ১৩ এপ্রিল, অনুষ্ঠিত হল কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের যৌথ CBM/রুট মার্চ। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ (আইএএস), পুলিশ সুপার পাপিয়া সুলতানা (আইপিএস), ২৩২(এম) ব্যাটালিয়ন সিআরপিএফ-এর কমান্ডিং অফিসার শ্যালু এস. মহারানা (ফোর্স কো-অর্ডিনেটর) এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) সৌতম ব্যানার্জি।নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যেই রাজ্যজুড়ে জোরকদমে চলছে কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের যৌথ রুট মার্চ।
কেশপুরের মতো স্পর্শকাতর এলাকায় এই ধরনের উপস্থিতি প্রশাসনের কড়া বার্তাই বহন করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই রুট মার্চের মূল উদ্দেশ্য হল সাধারণ ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি, ভয়ের পরিবেশ দূর করা এবং সংবেদনশীল বুথগুলিতে নিরাপত্তা আরও মজবুত করা। বিশেষ করে বিভিন্ন বুথ এলাকা ও আশপাশের অঞ্চলে এরিয়া ডমিনেশন এবং ফ্ল্যাগ মার্চের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে, যাতে ভোটের দিন কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।ভোট যত এগিয়ে আসছে, ততই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর এই টহল ও রুট মার্চ সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিচ্ছে। কেশপুরেও এদিন বাহিনীর কড়া উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী প্রস্তুতি নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে।