গড়বেতায় কড়াকড়ি বাড়াল নির্বাচন কমিশন! সরাসরি দায়িত্বে সাধারণ পর্যবেক্ষক, ‘অবহেলা বরদাস্ত নয়’ স্পষ্ট বার্তা!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের গড়বেতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন ঘিরে প্রস্তুতিতে এবার আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। কমিশনের নিযুক্ত সাধারণ পর্যবেক্ষক অজয় প্রকাশ আজ এলাকায় পৌঁছে সরাসরি প্রস্তুতির দায়িত্ব নিজের হাতে তুলে নেন।গড়বেতা-১ বিডিও অফিসে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে তিনি নির্বাচনের সঙ্গে যুক্ত প্রতিটি দিক খুঁটিয়ে পর্যালোচনা করেন। প্রশাসনিক আধিকারিক, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি স্পষ্ট জানিয়ে দেন—কোনো স্তরেই গাফিলতি সহ্য করা হবে না।সূত্রের খবর, বৈঠকের শুরুতেই তিনি গোটা বিধানসভা কেন্দ্রের ভৌগোলিক অবস্থান এবং স্পর্শকাতর অঞ্চলগুলির বিস্তারিত তথ্য চান। পাশাপাশি ভোটকেন্দ্রগুলির বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা মোতায়েন, বাহিনীর সংখ্যা এবং সংবেদনশীল বুথগুলির তালিকা দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেন।উল্লেখ্য, গড়বেতা বিধানসভা কেন্দ্রটি মোট ১৬টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এর মধ্যে ১২টি গড়বেতা-১ ব্লকের অন্তর্গত এবং বাকি ৪টি গড়বেতা-২ ব্লকের আওতায় পড়ে। বিস্তীর্ণ এই এলাকায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে।বৈঠকে আইনশৃঙ্খলা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন অজয় প্রকাশ। তাঁর স্পষ্ট বার্তা, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি স্তরে নজরদারি জোরদার করতে হবে এবং কোনো অনিয়মের খবর পেলেই সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।প্রশাসনিক মহলের মতে, পর্যবেক্ষকের এই সক্রিয় ভূমিকা থেকেই স্পষ্ট—গড়বেতায় অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে এবার বদ্ধপরিকর নির্বাচন কমিশন।