মেদিনীপুরে বনদপ্তরের বড় অভিযান, বাজেয়াপ্ত কাঠ বোঝাই লরি-সহ একাধিক গাড়ি; সিল অবৈধ চেরাই মিল!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরে অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বনদপ্তর। পরপর একাধিক অবৈধ কাঠ চেরাই মিলে অভিযান চালিয়ে সিল করা হয় বেশ কয়েকটি ইউনিট। বনদপ্তরের এই অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই এলাকায় অবৈধভাবে কাঠ পাচারের অভিযোগ আসছিল।

গোপন সূত্রে খবর পাওয়ার পর ভোর থেকে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লক ও সংলগ্ন এলাকায় শুরু হয় ব্যাপক অভিযান। অভিযোগ, রাতের অন্ধকারে বিভিন্ন জায়গা থেকে গাছ কেটে গাড়ি বোঝাই করে চোরাই কাঠ বিভিন্ন কাঠ চেরাই মিলে নিয়ে যাওয়া হচ্ছিল।ওত পেতে থাকা বনদপ্তরের কর্মীরা ভোর থেকেই একের পর এক গাড়ি আটক করতে শুরু করেন। দিনভর বিভিন্ন অলিগলি ও সংযোগকারী রাস্তায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ ও একাধিক যানবাহন বাজেয়াপ্ত করা হয়।