গড়বেতার রেল-সমস্যা মেটাতে বড় উদ্যোগ, ট্রেন এক্সটেনশন ও স্টেশন জট কাটাতে রেলমন্ত্রীর দ্বারস্থ সৌমিত্র!

অভিজিৎ সাহা : পশ্চিম মেদিনীপুরের গড়বেতা বিধানসভা এলাকায় দীর্ঘদিনের রেল ও যাতায়াত সমস্যার সমাধানে নতুন আশার আলো দেখাল বিজেপি শিবির। গড়বেতা বিধানসভার বিজেপি প্রার্থী প্রদীপ লোধার উদ্যোগে বিষ্ণুপুরের সাংসদ Soumitra Khan রেলমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন বলে জানা গিয়েছে।প্রদীপ লোধার দাবি, তাঁর অনুরোধেই সাংসদ সৌমিত্র খাঁ ভারত সরকারের রেলমন্ত্রীর কাছে আবেদন করেছেন যাতে মেদিনীপুর–হাওড়া লোকাল ট্রেনের দুটি পরিষেবা—একটি সকালবেলার এবং একটি রাতের—বিষ্ণুপুর পর্যন্ত বাড়ানো হয়। এই এক্সটেনশন কার্যকর হলে গড়বেতা ও আশপাশের এলাকার হাজার হাজার নিত্যযাত্রীর যাতায়াতে বড় সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

শুধু ট্রেন এক্সটেনশন নয়, গড়বেতা রেলস্টেশনের গেট সংলগ্ন বাজার এলাকায় দীর্ঘদিনের যানজট ও নিত্যভোগান্তির সমস্যাও রেলমন্ত্রীর নজরে আনা হয়েছে। ওই এলাকায় দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।প্রদীপ লোধা বলেন, “আজ গড়বেতাবাসীর জন্য খুবই গর্বের দিন। এলাকার উন্নয়নে সাংসদ সৌমিত্র খাঁ যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এর ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা মিটবে বলে আমরা আশাবাদী।”এলাকার একাংশের বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, ট্রেন পরিষেবা বাড়ানো এবং স্টেশন সংলগ্ন যানজটের সমাধান দ্রুত বাস্তবায়িত হলে গড়বেতার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।