শিবের মাথায় জল ঢালতে যাওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনা! শিলাবতীতে তলিয়ে গেলেন দুই বন্ধু, উদ্ধার এক জনের দেহ

অভিজিৎ সাহা : শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবের মাথায় জল ঢালতে যাওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনা গড়বেতায়। শিলাবতী নদী থেকে জল তুলতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ হন দুই শিবভক্ত। ইতিমধ্যেই এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও এক জন।মৃত যুবকের নাম মিলন দাস (২৮)। ঘটনাটি ঘটেছে গড়বেতার কান্তোড় এলাকায়।

জানা গিয়েছে, শ্রাবণের দ্বিতীয় সোমবার কান্তোড়নাথ মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে গড়বেতা থেকে সাতজনের একটি ভক্তের দল শিলাবতী নদীতে স্নান করতে ও জল তুলতে নামে। সেই সময় আচমকাই নদীর স্রোতে সাতজনই তলিয়ে যান।ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের তৎপরতায় পাঁচ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ নিখোঁজ দুই যুবকের মধ্যে এক জনের মৃতদেহ উদ্ধার করে। তবে এখনও অপর এক শিবভক্তের সন্ধানে তল্লাশি চলছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।