তীব্র দাবদাহে পথচলতি মানুষের পাশে গান্ধী মিশন ট্রাস্ট, ঘাটাল বাসস্ট্যান্ডে জলছত্র শিবির!

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গ জুড়ে চলতি মরশুমে তীব্র দাবদাহে জনজীবন কার্যত বিপর্যস্ত। তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। প্রচণ্ড গরম ও খরার জেরে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও পথচলতি মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়াল দাসপুরের গান্ধী মিশন ট্রাস্ট।গত ৬ জুন থেকে ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ড চত্বরে ট্রাস্টের উদ্যোগে একটি বিশেষ জলছত্র শিবিরের আয়োজন করা হয়েছে।

প্রতিদিন অসংখ্য পথচারী, বাসযাত্রী, চালক, খালাসি এবং দিনমজুর এই শিবির থেকে উপকৃত হচ্ছেন।বৈশাখ-জ্যৈষ্ঠের প্রখর রোদে বাইরে কর্মরত মানুষের কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাস্টের সম্পাদক সৌমিত্রি ভট্টাচার্য।

তিনি বলেন, “এই অস্বাভাবিক গরমে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। তীব্র রোদ ও গরমে যাতে কেউ অসুস্থ হয়ে না পড়েন, সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস।”জলছত্র শিবিরে আগতদের জন্য ঠান্ডা পানীয় জলের পাশাপাশি ক্লান্তি দূর করতে গুড় ও ছোলারও ব্যবস্থা করা হয়েছে।

প্রতিদিন বহু মানুষ এই পরিষেবা গ্রহণ করছেন এবং ট্রাস্টের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।স্থানীয় বাসিন্দাদের মতে, প্রচণ্ড গরমের মধ্যে এমন জনকল্যাণমূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। গান্ধী মিশন ট্রাস্টের এই মানবিক কর্মসূচি এলাকায় ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।