মাধ্যমিকে কৃতিত্বের নজির, দাসপুরের শঙ্খদীপকে সংবর্ধনা ঘাটালের বিধায়কের!
সুমন মন্ডল : পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সুরতপুর শ্রী অরবিন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শঙ্খদীপ মান্না এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৯২ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করেছে। তাঁর এই উল্লেখযোগ্য সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে পরিবার থেকে শুরু করে গোটা এলাকাজুড়ে।শঙ্খদীপের এই কৃতিত্বকে সম্মান জানাতে তাঁর বাড়িতে পৌঁছে সংবর্ধনা দিলেন ঘাটাল বিধানসভার নবনিযুক্ত বিধায়ক Shital Kapat। তিনি ফুল, মিষ্টি ও শুভেচ্ছা জানিয়ে শঙ্খদীপের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, গ্রামের মেধাবী ছাত্রছাত্রীরাই আগামী দিনের সম্পদ এবং শঙ্খদীপের এই সাফল্য অন্যান্য পড়ুয়াদেরও অনুপ্রাণিত করবে।শঙ্খদীপের বাবা গণেশ মান্না পেশায় স্বর্ণশিল্পী এবং মা গৃহবধূ। সাধারণ পরিবারের এই মেধাবী ছাত্রের সাফল্যে গর্বিত শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে এলাকাবাসীরাও। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে শঙ্খদীপ।