তীব্র দাবদাহে নাজেহাল বঙ্গবাসী, বাড়ছে ফল ও ডাবের দাম!

ঘাটাল সুমন মণ্ডল : তীব্র দাবদাহে কার্যত নাজেহাল বঙ্গবাসী। দিন দিন বাড়ছে তাপমাত্রা, সঙ্গে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। তবুও রুজি-রোজগারের তাগিদে রোদের মধ্যেই কাজে বেরোতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। কেউ চোখে সানগ্লাস, মাথায় টুপি, হাতে ছাতা নিয়ে পাড়ি দিচ্ছেন কর্মস্থলের উদ্দেশ্যে।

প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে কেউ ঠান্ডা জল পান করছেন, কেউ আবার আইসক্রিম বা ঠান্ডা পানীয়ে ভরসা রাখছেন। শরীরকে সতেজ রাখতে ফল ও ডাবের চাহিদাও বেড়েছে বাজারে। ফলে বিভিন্ন ফলের দোকানেও দেখা যাচ্ছে সাধারণ মানুষের ভিড়।

তবে এই দাবদাহের মাঝেই নতুন করে বাড়ছে চিন্তা। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফল ও ডাবের দামও। যে ডাব কিছুদিন আগেও ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হত, বর্তমানে সেই ডাবের দাম পৌঁছেছে ৬০ থেকে ৭০ টাকায়। ফলের বাজারেও বেড়েছে দাম, ফলে বাড়তি খরচের চাপে পড়ছেন সাধারণ মানুষ।একদিকে তীব্র গরম, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি— সব মিলিয়ে বিপাকে পড়েছেন বঙ্গবাসী।