গোয়ালতোড়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তাল এলাকা, থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও!
সেখ ওয়ারেশ আলী : গোয়ালতোড়ে এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোয়ালতোড় থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করে বামপন্থী সংগঠনগুলি।বিক্ষোভকারীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের পরিবর্তে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে বিভিন্নভাবে চাপের মুখে ফেলা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যেও তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বিক্ষোভ মঞ্চ থেকে প্রশাসনের কাছে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, স্থানীয় বিজেপি নেতৃত্ব নির্যাতিতার অসহায় পরিবারকে বিষয়টি নিয়ে মুখ না খোলার জন্য চাপ সৃষ্টি করছে। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনার পর সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। একইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হন তাঁরা।
মহিলা সমিতির নেতৃবৃন্দ জানান, নারীর উপর এই ধরনের আক্রমণের ঘটনায় কোনওরকম আপস বা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। নির্যাতিতার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।