বৃক্ষরোপণে সূচনা, নারী সুরক্ষা ও র্যাগিং-বিরোধী বার্তা গড়বেতা কলেজে!
অভিজিৎ সাহা : নারীর নিরাপত্তা, ক্ষমতায়ন ও মর্যাদা রক্ষার পাশাপাশি শিক্ষাঙ্গনকে র্যাগিংমুক্ত করার বার্তা নিয়ে গড়বেতা কলেজে আয়োজিত হল বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। মঙ্গলবার, ১৮ আগস্ট পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং গড়বেতা থানার পরিচালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা, আইপিএস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) উত্তম ঘোষ-সহ পুলিশের একাধিক আধিকারিক।
অনুষ্ঠানে গড়বেতা কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকাদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নারী সুরক্ষা ও ক্ষমতায়ন, নারীর প্রতি সম্মান এবং র্যাগিংয়ের মতো সামাজিক ও শিক্ষাঙ্গনকেন্দ্রিক সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ পরিবেশ তৈরি করতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়—ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। বিশেষ করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং রুখতে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে পরিবেশ সুরক্ষার বার্তার সঙ্গেও নারী নিরাপত্তা ও সামাজিক দায়িত্ববোধের বিষয়টিকে যুক্ত করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে নিরাপদ সমাজ, সুরক্ষিত নারী এবং র্যাগিংমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।গড়বেতা কলেজের এই সচেতনতামূলক কর্মসূচি ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় বলেই মনে করছেন আয়োজকরা।