গড়বেতায় বামপন্থী আইনজীবীদের গাড়িতে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে সরব বাম শিবির!

সেখ ওয়ারেশ আলী : কয়েকদিন আগে গড়বেতা থানার বেনাচাপড়া, খড়কুশমা-সহ বিভিন্ন এলাকায় বামপন্থী কর্মী-সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষের অভিযোগ ওঠে। পরবর্তীতে বামপন্থী কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগও সামনে আসে। সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে রবিবার বেনাচাপড়া, খড়কুশমা-সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা পরিদর্শনে যান কলকাতা হাইকোর্ট ও মেদিনীপুর আদালতের বামপন্থী আইনজীবী সেলের সদস্যরা।এদিন বেনাচাপড়ায় সামেদ গায়েন-সহ মোট আটটি পরিবারের বাড়িতে যান আইনজীবী সেলের প্রতিনিধিরা। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজ নেন।সেলের সদস্যদের অভিযোগ, পরিদর্শন শেষে ফেরার পথে নোহারি এলাকায় তাঁদের পথ আটকানোর চেষ্টা করা হয়। তবে আশপাশের গ্রাম থেকে বহু মানুষ ঘটনাস্থলে চলে আসায় হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায় বলে দাবি তাঁদের।এরপর ধাদিকা মোড়ে রাস্তার উপর কাঠবোঝাই একটি গাড়ি রেখে তাঁদের পথ আটকানোর অভিযোগ ওঠে। বামপন্থী আইনজীবী সেলের দাবি, প্রায় ৩০-৩৫ জনের একটি দল লাঠি, রড ও ইট-পাটকেল নিয়ে তাঁদের সঙ্গে থাকা চারটি গাড়িতে হামলা চালায়। হামলায় গাড়িগুলির কাচ ভেঙে যায় এবং বেশ কয়েকজন আহত হন বলেও অভিযোগ।ঘটনার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে বামপন্থী শিবির। যদিও এই হামলার সঙ্গে বিজেপির কোনও কর্মীর যোগ নেই বলে দাবি করেছে বিজেপি।ঘটনার পর সিপিআইএমের জেলা সম্পাদক বিজয় পাল অভিযোগ করেন, হামলার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। তাঁর দাবি, রাজ্যে সংবিধান ও গণতন্ত্র বিপন্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনেও বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে রাস্তায় থাকবে বলে জানান তিনি।