অন্নপূর্ণা যোজনার অর্থ প্রদান শুরু, গড়বেতা ৩ ব্লকে উপভোক্তাদের হাতে সার্টিফিকেট তুলে দিলেন বিধায়ক বিমান মাহাতো!

অভিজিৎ সাহা: গড়বেতা-৩ ব্লকে অন্নপূর্ণা যোজনার আওতায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এলাকার বহু মহিলা সুবিধাভোগীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনি বিধানসভার বিধায়ক বিমান মাহাতো, বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য ।বিধায়ক বিমান মাহাতো বলেন, "অন্নপূর্ণা যোজনা শুধু একটি আর্থিক সহায়তা প্রকল্প নয়, এটি মা-বোনেদের সম্মান, আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার প্রতীক।

রাজ্যের প্রতিটি যোগ্য মহিলা যাতে সরকারি সুবিধা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।"তিনি আরও বলেন, "মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে সরকার বদ্ধপরিকর। এই প্রকল্পের মাধ্যমে বহু পরিবারের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত হবে এবং সমাজের সার্বিক উন্নয়নে নতুন দিশা মিলবে।"উল্লেখ্য, বুধবার রাজ্যের ২৮ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "এই অনুদান শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকদের জন্য। অতীতে মৃত, স্থানান্তরিত ও ভুয়ো উপভোক্তাদের নামেও অনুদান যাওয়ার অভিযোগ ছিল। তাই প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতেই বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

"মুখ্যমন্ত্রী আরও জানান, "২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের লক্ষ্য, কোনও অযোগ্য ব্যক্তি নয়, প্রকৃত উপভোক্তার কাছেই যেন এই সহায়তা পৌঁছে যায়।"অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পৌঁছানোর ফলে স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে এবং তাঁদের আর্থিক নিরাপত্তা আরও মজবুত হচ্ছে।