পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানা-র অন্তর্গত জঙ্গলে ঝুলন্ত দম্পতির দেহ, আর্থিক চাপে চরম সিদ্ধান্তের আশঙ্কা!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানা-র অন্তর্গত গোপগড় এলাকায় সামনে এল এক হৃদয়বিদারক ঘটনা। বুধবার গভীর রাতে স্থানীয় বাসিন্দারা গোপগড় জঙ্গলের ভিতরে এক দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ পাঠায়। মৃতদের নাম পিন্টু দাস ও মৌমিতা দাস। তাঁদের বাড়ি মেদিনীপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের পানপাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের দুই সন্তান রয়েছে।স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই আর্থিক সঙ্কটে ভুগছিলেন ওই দম্পতি। একাধিক ব্যক্তির কাছ থেকে ঋণ নেওয়ার পর সম্প্রতি পাওনাদারেরা বাড়িতে এসে টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করেন এবং অপমানজনক আচরণ করেন বলেও অভিযোগ।
সেই ঘটনার পর থেকেই দম্পতি মানসিকভাবে ভেঙে পড়েন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রবল মানসিক চাপ ও অপমান সহ্য করতে না পেরে তাঁরা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।টনায় পরিবার-পরিজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
বিঃদ্রঃ - মানসিক সঙ্কটের সময় নীরব না থেকে সাহায্য চাওয়া জরুরি—প্রয়োজনে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র বা সহায়তা পরিষেবার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।