পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনা চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ কেশপুরের ১২ মাইল এলাকায় মেদিনীপুর–কেশপুর রাজ্য সড়কের ধারে থাকা একটি দোকানে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ে একটি দ্রুতগতির লরি।ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

পাশাপাশি আরও একজন গুরুতর জখম হন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁর চিকিৎসা চলছে।দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কেশপুর থানার পুলিশ। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।উদ্বেগের বিষয়, এই রাজ্য সড়কে বারবার এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি, নিয়ন্ত্রণহীন যানবাহন এবং পর্যাপ্ত ট্রাফিক নজরদারির অভাবই এর মূল কারণ। ফলে প্রশাসনের কাছে আবেদন দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জোরালো হচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন আর কত প্রাণ গেলে নড়বে প্রশাসন ?