কেশপুর কলেজের নতুন অধ্যক্ষ ড. মৃণাল কান্তি পৈড়া, মানোন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার

নিজস্ব সংবাদদাতা : কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অধ্যাপক ড. মৃণাল কান্তি পৈড়া। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেন। কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক রমাপ্রসাদ গিরি তাঁকে নতুন দায়িত্বে স্বাগত জানান।রসায়নশাস্ত্রের কৃতী ছাত্র ড. পৈড়া এর আগে দীর্ঘ প্রায় ২০ বছর মেদিনীপুরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কেশপুর কলেজের শিক্ষার পরিবেশ ও সার্বিক মানোন্নয়নে তিনি বিশেষ উদ্যোগী হবেন বলে জানিয়েছেন।

অবিভক্ত মেদিনীপুর জেলার, বর্তমানে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ ব্লকের মহাপাল গ্রামের বাসিন্দা ড. মৃণাল কান্তি পৈড়ার শিক্ষাজীবন শুরু মহাপাল প্রাথমিক বিদ্যালয়ে। এরপর মহাপাল শ্রী বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করেন। মেদিনীপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক, ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে স্নাতক এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।বর্তমানে স্ত্রী মুনমুন পৈড়া ও ছেলে মিতেশ পৈড়াকে নিয়ে মেদিনীপুর শহরের যুগনুতলা এলাকার একটি আবাসনে থাকেন ড. পৈড়া।নতুন দায়িত্ব গ্রহণের পর ড. মৃণাল কান্তি পৈড়া জানান, কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। শিক্ষক, শিক্ষাকর্মী, পড়ুয়া এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য।