টানা বৃষ্টিতে জলমগ্ন কেশিয়াড়ীর লেঙ্গামারা পোল, ব্যারিকেড দিয়ে বিকল্প পথে যান চলাচলের নির্দেশ প্রশাসনের!
নিজস্ব সংবাদদাতা : টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী-খড়্গপুর রাজ্য সড়কের হাতিগেড়িয়া লেঙ্গামারা পোল সংলগ্ন এলাকা। রাস্তার উপর প্রায় এক হাঁটু জল জমে যাওয়ায় ব্যাহত হয়েছে যান চলাচল। পরিস্থিতি বিবেচনা করে দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।প্রশাসনের তরফে জানানো হয়েছে, কেশিয়াড়ী থেকে খড়্গপুরগামী যানবাহনকে আপাতত বেহেরাসাইয়ের বিকল্প রাস্তা ব্যবহার করে ঘুরে যেতে হবে। জল না নামা পর্যন্ত লেঙ্গামারা পোল সংলগ্ন জলমগ্ন অংশ দিয়ে যান চলাচল এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
তবে জলমগ্ন রাস্তা পেরিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে পথচারী ও মোটরবাইক আরোহীদের। জল জমে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করায় বিভিন্ন সময়ে যানজটেরও সৃষ্টি হচ্ছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রী, সাধারণ মানুষ এবং পণ্যবাহী গাড়ির চালকরা।স্থানীয়দের অভিযোগ, সামান্য ভারী বৃষ্টি হলেই লেঙ্গামারা পোল সংলগ্ন এলাকায় জল জমে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে স্থায়ী নিকাশি ব্যবস্থার দাবি জানানো হলেও এখনও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত জল নিষ্কাশনের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।