ছয় বন্ধু গিয়েছিল স্নানে, ফিরল মাত্র তিনজন; শোকে স্তব্ধ খড়গপুর!
সেখ ওয়ারেশ আলী : হৃদয়বিদারক দুর্ঘটনায় শোকস্তব্ধ খড়গপুর। মেদিনীপুরের মোহনপুর এলাকায় কংসাবতী (কাঁসাই) নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হয়েছে তিন কিশোরের। মৃতরা সকলেই খড়গপুর শহরের ছোটা টেংরা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, ছোটা টেংরা এলাকার ছয় কিশোর টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল। পরে তারা মোহনপুরে কংসাবতী নদীতে স্নান করতে যায়। স্নান করার সময় আচমকাই তারা নদীর গভীর জলে চলে যায় এবং তলিয়ে যেতে শুরু করে। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।প্রাণপণ চেষ্টার পর ছয়জনের মধ্যে তিন কিশোরকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিনজনকে আর বাঁচানো যায়নি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, কংসাবতী নদীর ওই এলাকায় প্রতিবছরই স্নান করতে নেমে দুর্ঘটনার খবর সামনে আসে। স্থানীয়দের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাঁদের দাবি, বিপজ্জনক ঘাটগুলিতে স্থায়ী সতর্কীকরণ বোর্ড, নিরাপত্তা বেড়া, নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় নিরাপত্তাকর্মী মোতায়েন করা হোক।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সময়মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব হবে। যাতে আর কোনও পরিবারকে অকালে প্রিয়জন হারানোর যন্ত্রণা সহ্য করতে না হয়।