খড়গপুরে অমিত শাহের মেগা রোড শো আজ, দিলীপ–শঙ্কর–তপনের সমর্থনে বিজেপির শক্তিপ্রদর্শন!
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর জেলায় নির্বাচনী উত্তাপ আরও বাড়াতে আজ, ১০ এপ্রিল, খড়গপুর শহরে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক বিশাল রোড শো। খড়গপুর সদর বিধানসভায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ , মেদিনীপুর বিধানসভার প্রার্থী শঙ্কর গুছাইত এবং খড়গপুর গ্রামীণ কেন্দ্রের প্রার্থী তপন ভূঁইয়ার সমর্থনে এই শক্তিপ্রদর্শনের মঞ্চে উপস্থিত থাকবেন দেশের গৃহমন্ত্রী Amit Shah। বিজেপি সূত্রে দাবি, এই রোড শো ঘিরে শহরে ইতিমধ্যেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।দলীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল প্রায় ৩টে থেকে ৫টার মধ্যে রোড শো শুরু হওয়ার কথা। মালঞ্চা এলাকার অতুলমণি স্কুলের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে খরিদা রেলগেট সংলগ্ন ঘড়ি মোড় এলাকায় শেষ হবে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ইতিমধ্যেই ব্যানার, পতাকা ও প্রচারসামগ্রী দিয়ে সাজানো হয়েছে।এই কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে অত্যন্ত কড়া।
বৃহস্পতিবারই র্যালির রুট ও সভাস্থল পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিফ সিকিউরিটি অফিসার-সহ প্রশাসনের একাধিক শীর্ষকর্তা। রোড শো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য রুটের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।বিজেপির অন্দরে এই কর্মসূচিকে ঘিরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, খড়গপুর-সহ মেদিনীপুর বেল্টে বিজেপির জমি আরও মজবুত করতেই অমিত শাহকে সামনে রেখে এই মেগা রোড শো-এর পরিকল্পনা। ভোটের আগে এই শক্তিপ্রদর্শন যে জেলার রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দেবে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।