খড়গপুরে পুলিশের বড়সড় অভিযান, ৫০ কুইন্টাল মাংস উদ্ধার! আটক ৭ গাড়ি, গ্রেফতার ১৮!
সেখ ওয়ারেশ আলী : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে খড়গপুর লোকাল থানার চৌরঙ্গী এলাকায় বড়সড় অভিযান চালিয়ে অবৈধভাবে মাংস পাচারের অভিযোগে সাতটি গাড়ি আটক করল পুলিশ। ১৪ই আগস্ট শুক্রবার খড়গপুর লোকাল থানা ও সাদাতপুর ফাঁড়ির যৌথ অভিযানে পাঁচটি প্রাইভেট গাড়ি এবং দুটি পিকআপ ভ্যান আটক করা হয়। ঘটনায় মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে দাবি, আটক গাড়িগুলি থেকে প্রায় ৫০ কুইন্টাল মাংস উদ্ধার হয়েছে। পাশাপাশি সাতটি গাড়িই বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পশু হত্যা আইন, খাদ্য সুরক্ষা আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা দু’দিন আগে খড়গপুর সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে মাংস সংগ্রহ করে হাওড়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। এর আগেও একইভাবে একাধিকবার মাংস পরিবহণের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
১৪ই আগস্ট শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার বিস্তারিত জানান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তিনি জানান, উদ্ধার হওয়া মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই উদ্ধার হওয়া মাংসের প্রকৃতি সম্পর্কে নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।পুলিশ সুপার আরও জানান, ধৃত ১৮ জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাঁদের আদালতে পেশ করা হবে। একইসঙ্গে খড়গপুরের যেসব এলাকা থেকে মাংস সংগ্রহ করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ, সেসব জায়গাতেও তদন্ত ও অভিযান চালানো হবে।খড়গপুরের কোথাও এই ধরনের অবৈধ ব্যবসা বা কার্যকলাপ চললে তা বন্ধ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়েছেন পুলিশ সুপার।