খড়গপুরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় তিন দুষ্কৃতী গ্রেপ্তার, পুলিশের বড় সাফল্য

অরিন্দম চক্রবর্তী : খড়গপুরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় উল্লেখযোগ্য সাফল্য পেল খড়গপুর টাউন থানার পুলিশ। ঘটনার মাত্র একদিনের মধ্যেই অভিযুক্ত তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সরফরাজ খান (বাড়ি পাঁচবেড়িয়া), মোহাম্মদ ইরশাদ (ঝাড়খণ্ডের বাসিন্দা) এবং আরও এক অভিযুক্ত মোহাম্মদ ইরশাদ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও তথ্য জানার চেষ্টা চলছে।জানা গিয়েছে, মঙ্গলবার বেলদা এলাকা থেকে ব্যবসায়িক লেনদেনের টাকা সংগ্রহ করে ফিরছিলেন ব্যবসায়ী রাজকুমার সিং। সেই সময় খড়গপুরের দেবলপুর এলাকায় তাঁর পথরোধ করে দুষ্কৃতীরা। অভিযোগ, আতঙ্ক সৃষ্টি করতে শূন্যে পরপর দু'রাউন্ড গুলি চালিয়ে তাঁর কাছ থেকে নগদ টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তারা। ঘটনার পরপরই তদন্তে নামে খড়গপুর টাউন থানার পুলিশ। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ এবং গোপন সূত্রের সাহায্যে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। এরপর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী মহলে। পুলিশ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।