খড়্গপুরে ভোটের লড়াইয়ে বাকযুদ্ধ তুঙ্গে, জুন মালিয়াকে কটাক্ষ দিলীপের — পাল্টা ‘নেচে যাব’ হুঁশিয়ারি তৃণমূলের!

নিজস্ব সংবাদদাতা :  খড়্গপুরের নির্বাচনী আবহ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ জুন মালিয়াকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বাকযুদ্ধ। মনোনয়ন জমা দেওয়ার দিন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের রোড-শো চলাকালীন প্রচার মঞ্চে জুন মালিয়াকে নাচতে দেখা যায়। সেই ঘটনাকেই হাতিয়ার করে এক নির্বাচনী সভায় দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন,“মনোনয়ন জমার দিন দু’জন নেতারই রাস্তার নাচ দেখা গেল, সাধারণ মানুষ ফ্রি-তে একটা নাচের অনুষ্ঠান দেখলেন।”দিলীপের এই মন্তব্যের পাল্টা তীব্র জবাব দিয়েছেন জুন মালিয়া। তিনি বলেন,“দিলীপদার আমার চেহারা বা রূপ নিয়ে মন্তব্য করার অভ্যাস আছে। কে আমাকে ফর্সা বলল, কে কালো বলল, তাতে কিছু যায় আসে না। ভোটে প্রদীপ সরকার জিতলে আমরা দলীয় কর্মীদের নিয়ে দিলীপদার বাড়ির সামনে দিয়েই নেচে যাব।”প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ার দিন আয়োজিত রোড-শোতে প্রচার গাড়ির উপর দাঁড়িয়ে প্রদীপ সরকারের হাত ধরে জুন মালিয়ার নাচের দৃশ্য রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চার বিষয় হয়ে ওঠে। বিজেপি শিবির সেই ঘটনাকে নিয়ে লাগাতার কটাক্ষ চালালেও, তৃণমূলের দাবি—এটি ছিল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ও নির্বাচনী উদ্দীপনার বহিঃপ্রকাশ।এদিকে প্রচারে বেরিয়েও একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। খড়্গপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দারা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং SIR সংক্রান্ত সমস্যার কথা তুলে প্রশ্ন করেন। উত্তরে দিলীপ তাঁদের অনলাইনে আবেদন করার পরামর্শ দেন এবং সমস্যার দায় তৃণমূলের উপর চাপান।এর আগেও রেল ওয়ার্ড এলাকায় প্রচারের সময় একইভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে এসবের মাঝেও রাজনৈতিক আক্রমণের ধার কমাননি বিজেপি প্রার্থী।দিলীপের মন্তব্যের জবাবে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারও সরব হয়ে বলেন,“দিলীপ ঘোষ প্রায়ই নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিজেপির অনেক কর্মীও এতে অস্বস্তি বোধ করেন।”তবে সারাদিনের এই তীব্র বাকবিতণ্ডার পর সন্ধ্যায় কিছুটা ভিন্ন ছবি ধরা পড়ে। বৃষ্টি থামার পর গোলবাজার এলাকায় প্রচারে দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে দিলীপ ঘোষ ও প্রদীপ সরকার একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করেন। উত্তপ্ত ভোটের লড়াইয়ের মাঝেও এই দৃশ্য রাজনৈতিক সৌজন্যের এক আলাদা বার্তা দিল।