বজ্রপাতে লালগড়ে আহত ১৪ দর্শক, আশঙ্কাজনক ৪ জন!

সেখ ওয়ারেশ আলী : ১৮ই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিশ্বকর্মা পুজো উপলক্ষে লালগড়ের কুমারবাঁধ এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। ম্যাচ চলাকালীন হঠাৎ বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। সেই সময় মাঠ সংলগ্ন এলাকায় বজ্রপাতের জেরে গুরুতর আহত হন ১৪ জন দর্শক।

ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে।