বাল্যবিবাহ রুখতে পথে নামল সচেতনতার রথ, পশ্চিম মেদিনীপুর জুড়ে বিশেষ প্রচার অভিযান!
নিজস্ব সংবাদদাতা :বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। ১২ দিনব্যাপী একটি প্রচার গাড়ি জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছে। এই কর্মসূচি আয়োজন করেছে চ্যাপলিন ক্লাব, ডি এল এস এ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। মেদিনীপুর আদালত প্রাঙ্গণ থেকে এই সচেতনতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা জজ সেলিম সাহি এবং DLSA পশ্চিম মেদিনীপুর–এর সচিব সহিদ পারভেজ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশন মেদিনীপুর–এর সম্পাদক অনুপ মিশ্র। পাশাপাশি উপস্থিত ছিলেন মেদিনীপুর লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল–এর আইনজীবীরা—জ্যোতির্ময় ঘোষ, অংকুর কর্মকার, অরুপ কুমার রায়, শুভম পাণ্ডে প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DLSA অফিস পশ্চিম মেদিনীপুর–এর অফিস মাস্টার কাবেরী বসু, অ্যাকাউন্ট্যান্ট সৌরিন নাগ, অন্যান্য কর্মী এবং অধিকার মিত্ররা।আয়োজকদের বক্তব্য, এই প্রচার অভিযানের মূল লক্ষ্য হল গ্রাম থেকে শহর—সব স্তরের মানুষের মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং আইনগত দিকগুলি স্পষ্টভাবে তুলে ধরা, যাতে সমাজ থেকে এই সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব হয়।