মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ, ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে পরিবেশ রক্ষার অঙ্গীকার!
নিজস্ব সংবাদদাতা : প্রতিবছর ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এ বছর “একটি গাছ মায়ের নামে” কর্মসূচিকে কেন্দ্র করে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এক হৃদয়স্পর্শী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় গান্ধীঘাট জল পরিশোধন কেন্দ্র প্রাঙ্গণে।পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ ও মেদিনীপুর পৌরসভার ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ৫ জুন ২০২৬, শুক্রবার সকাল ১০টায়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, আইএএস, মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান, সহ একাধিক প্রশাসনিক আধিকারিক, বিশিষ্ট অতিথি ও পৌরসভার কর্মীরা।আয়োজকদের বক্তব্য, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ ও সুন্দর করে তোলে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।“আগামীর ভবিষ্যৎ সবুজের সমারোহে এগিয়ে চলুক”— এই বার্তাকে সামনে রেখেই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের মতে, ব্যক্তিগত সচেতনতা থেকেই বড় পরিবর্তনের সূচনা সম্ভব। তাই সকলের উচিত বেশি করে গাছ লাগানো, পরিবেশ রক্ষায় এগিয়ে আসা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও সুন্দর পৃথিবী গড়ে তোলা। ‘একটি গাছ মায়ের নামে’— এই আবেগঘন উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি প্রকৃতি ও মাতৃত্বের প্রতি শ্রদ্ধার এক অনন্য বার্তা বহন করল।