মেদিনীপুরে নথি উদ্ধারের জেরে তোলপাড়, আদালতে কাউন্সিলারকে ঘিরে বিক্ষোভ!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বল্লভপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ আধার কার্ড, ভোটার কার্ড-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের ঘটনাকে ঘিরে জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ এবং বিজেপি কর্মী-সমর্থকরা ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুসময় মুখার্জির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ এবং পরবর্তীতে কাউন্সিলার সুসময় মুখার্জিকে গ্রেফতার করা হয়।১৬ই জুন বুধবার অভিযুক্তকে মেদিনীপুর আদালতে তোলা হলে আদালত চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত বিক্ষোভকারীদের একাংশ তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। কাউন্সিলারকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়া হয় এবং ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

ভিড় বাড়তে থাকায় নিরাপত্তার স্বার্থে আদালত চত্বর খালি করে দেওয়া হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।অন্যদিকে আদালতে তোলার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুসময় মুখার্জি দাবি করেন, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলেও তিনি ইঙ্গিত দেন।তদন্তের স্বার্থে পুলিশ আদালতের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়। তবে শুনানি শেষে আদালত অভিযুক্তকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আগামী ১৯ জুন তাঁকে পুনরায় আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।