মেদিনীপুরবাসীর জন্য বড় সুখবর! কলকাতা ও দীঘা রুটে চালু হল ৬টি নতুন SBSTC বাস!

সেখ ওয়ারেশ আলী : যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণে বড় উদ্যোগ নিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC)। মেদিনীপুর থেকে কলকাতা এবং মেদিনীপুর থেকে দীঘা রুটে অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হল। রবিবার মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে নতুন এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিদিন বাড়তে থাকা যাত্রীসংখ্যার চাপ সামাল দেওয়া এবং গণপরিবহণ পরিষেবাকে আরও উন্নত ও সহজলভ্য করার লক্ষ্যেই মেদিনীপুর ডিপোর উদ্যোগে এই নতুন বাস পরিষেবা চালু হয়েছে। উদ্বোধনের দিন মেদিনীপুর-কলকাতা ও মেদিনীপুর-দীঘা রুটে মোট ছয়টি নতুন বাস পরিষেবার সূচনা করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ডা. শংকর কুমার গুছাইত। উপস্থিত ছিলেন SBSTC-র চেয়ারম্যান মারুফ হামাল, ম্যানেজিং ডিরেক্টর প্রণব কুমার ঘোষ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দীপিমান সিনহা, ডিভিশনাল ম্যানেজার মাসুদ রাইহান, আঞ্চলিক পরিবহণ আধিকারিক (RTO) সন্দীপ সাহা-সহ সংস্থার অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।বিধায়ক ডা. শংকর কুমার গুছাইত বলেন, নতুন এই অতিরিক্ত বাস পরিষেবা চালু হওয়ায় মেদিনীপুর থেকে কলকাতা ও দীঘাগামী যাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত এবং আরামদায়ক হবে। একই সঙ্গে অতিরিক্ত ভিড় ও দীর্ঘক্ষণ অপেক্ষার সমস্যাও অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, ভবিষ্যতে যাত্রী পরিষেবাকে আরও আধুনিক, উন্নত এবং পরিবেশবান্ধব করে তুলতে ইলেকট্রিক বাস পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে। সেই লক্ষ্যেই ধাপে ধাপে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।নতুন বাস পরিষেবা চালু হওয়ায় মেদিনীপুর ও সংলগ্ন এলাকার নিত্যযাত্রী, কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী এবং পর্যটকদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে।