ঢাক-ঢোল, আবির আর উচ্ছ্বাসে মাতল মেদিনীপুর, বিজেপির বিজয় মিছিল ঘিরে উৎসব!
সেখ ওয়ারেশ আলী : রবিবার মেদিনীপুর শহর যেন বিজেপির জয় উদযাপনে উৎসবের আবহে মেতে উঠেছিল। কলেজ কলিজিয়েট মাঠ থেকে শুরু হয় বিশাল বিজয় মিছিল, যেখানে পা মেলান হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ।
দলীয় পতাকা, ঢাক-ঢোল, আবির আর জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে শহরের রিং রোড চত্বর।মিছিলে হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিজেপি বিধায়ক ডাঃ শঙ্কর গুছাইত। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা বহু মানুষকে মোবাইলে সেই মুহূর্তের ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করতে দেখা যায়।
বিভিন্ন জায়গায় ফুল ছিটিয়ে, মালা পরিয়ে এবং উচ্ছ্বাসের সঙ্গে তাকে স্বাগত জানান দলীয় কর্মী-সমর্থকরা।পুরো মিছিলজুড়ে মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শহরের নানা প্রান্ত থেকে মানুষ এই বিজয় মিছিলে যোগ দেন। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।