মেদিনীপুরে 'মা আহার'-এ বড় চমক, এবার মাত্র ৫ টাকায় মিলবে মাছ-ভাত!
নিজস্ব সংবাদদাতা: ৬ই জুলাই ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের উদ্যোগে মেদিনীপুর পৌরসভার 'মা আহার' প্রকল্পে মাত্র ৫ টাকায় ভর্তুকিযুক্ত মাছ-ভাত পরিবেশন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের লক্ষ্য হল সমাজের আর্থিকভাবে দুর্বল, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের কাছে স্বল্পমূল্যে পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত খাবার পৌঁছে দেওয়া। নতুন সূচি অনুযায়ী, 'মা আহার' প্রকল্পে প্রতি সপ্তাহে দুই দিন মাছ-ভাত, চার দিন ডিম-ভাত এবং এক দিন নিরামিষ আহার পরিবেশন করা হবে। প্রতিটি খাবারের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা। chim-বর্তমানে মেদিনীপুর শহরে দুটি কেন্দ্রে এই পরিষেবা মিলবে—
- মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিপরীতে অবস্থিত রাজীব গান্ধী পৌর নিলয়।
- কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন জনকল্যাণ ভবন।
প্রশাসনের আশা, এই উদ্যোগের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ আরও সুলভে পুষ্টিকর খাবার পাবেন এবং 'মা আহার' প্রকল্পের পরিসর আগামী দিনে আরও বিস্তৃত হবে।