মেদিনীপুরের উন্নয়নে বড় পদক্ষেপ, ‘দেশপ্রাণ বীরেন্দ্র সেতু’র শিলান্যাসে নতুন আশার আলো!
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় মেদিনীপুরবাসীর বহুদিনের প্রত্যাশিত স্বপ্ন পূরণের পথে আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো। বৃহস্পতিবার, ৪ জুন বহু প্রতীক্ষিত ‘দেশপ্রাণ বীরেন্দ্র সেতু’ (দ্বিতীয় কংসাবতী নদী সেতু)-এর শিলান্যাস ও ভূমিপূজন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা আইএএস ,বিধায়ক ড. শঙ্কর কুমার গুচ্ছাইত-সহ প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল কংসাবতী নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের। সেই দাবি বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও আশাবাদ তৈরি হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে মেদিনীপুর শহর ও সংলগ্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, যানজট ও যাতায়াতের দীর্ঘদিনের সমস্যারও উল্লেখযোগ্য সমাধান মিলবে।
শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, এই সেতু মেদিনীপুরের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক জনজীবনের গতিশীলতায়ও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। ‘দেশপ্রাণ বীরেন্দ্র সেতু’ আগামী দিনে জেলার উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসেবে আত্মপ্রকাশ করবে বলেই আশা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের।